বাদল ও তার স্ত্রীর ২৬৭ কোটি টাকার সম্পত্তি জব্দ করলো দুদক
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-২০ ২২:২৭:১৪
পুঁজিবাজারের অন্যতম ব্যক্তি লুৎফর রহমান বাদল ও তার স্ত্রী সোমা আলম রহমানের সব সম্পত্তি আদালতের নির্দেশে জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই সম্পত্তির পরিমাণ প্রায় ২৬৭ কোটি টাকার মতো।
রোববার(২০ জানুয়ারি) দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এই তথ্য নিশ্চিত করেন।
দুদক সূত্র জানায়, বাদলের স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৩০ কোটি ২৭ লাখ ২৩ হাজার ৩৯৬ টাকা। তার স্ত্রী সোমার সম্পদের পরিমাণ ১৩৭ কোটি ৫৪ লাখ ৯০ হাজার ৬৯৭ টাকা। দুদক সুত্র আরো জানায়, অভিযুক্তরা দীর্ঘদিন দেশের বাইরে পলাতক থেকে সম্পদ হস্তান্তর ও স্থানান্তরের চেষ্টা করছে এমন সংবাদের পরিপ্রেক্ষিতে ২০১৭ সালের ২৮ মে দুদকের উপ-পরিচালক শেখ আবদুল সালাম বাদী হয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে লুৎফুর রহমান ও তার স্ত্রী সোমা আলমের নামে রমনা থানায় মামলা দায়ের করা করেন।
পরবর্তী সময়ে আসামিদের সম্পদ জব্দ করার আবেদনে বলা হয়, আসামিরা সম্পদ হস্তান্তর করলে বিচারের রায় শেষে সম্পত্তি বাজেয়াপ্তকরণ ও জরিমানা আদায় অসম্ভব হয়ে পড়তে পারে।
তদন্তের স্বার্থে মামলার আসামি বাদলের নামে বিভিন্ন লিমিটেড কোম্পানির শেয়ার মূলধন ও বিও একাউন্ট অবরুদ্ধ এবং বাড়ি-ফ্ল্যাটসহ জমি ক্রোক করার আদেশ চেয়ে ঢাকার স্পেশাল জজ আদালতে আবেদন করে দুদক।
জব্দ করা সম্পত্তির মধ্যে রয়েছে, লুৎফুর রহমানের বনানীর পুরাতন ডিওএইচএসের ৫ নং রোডের ৬৮ নম্বর বাড়ি, বারিধারা মডেল টাউনের তিনতলা বিশিষত একটি বাড়ি, ধানমন্ডির রয়েল প্লাজা, বনানীর গলফ হাইটস, গুলশানের ভাটারার ১৩ বর্গফুটের বাড়ি, কাকরাইল ও রমনার জমি । এছাড়া রয়েছে, সাউথ ইস্ট ব্যাংকের একক ও যৌথ হিসাব, ওয়েসিস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লি.-এর ৫০ হাজার টাকার শেয়ার, সিনক্লিয়ার ফার্মাসিটিক্যালের ১ লাখ টাকার শেয়ার, লতিফ সিকিউরিটিজ লি.-এর ১২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার, বিসি করপোরেশনের ৫০ হাজার টাকার শেয়ার, ডায়াপার লি.-এর ৬০ লাখ টাকার শেয়ার, বেঙ্গল মিডিয়া করপোরেশনের ১ কোটি টাকার শেয়ার, আল মানার হাসপাতালের ৬৩ লাখ ২৫ হাজার টাকার শেয়ার, ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪১ লাখ ৮১ হাজার টাকার শেয়ার।
দুদক আরও জানায়, সম্পদ বিবরণীতে ২ লাখ ৩৩ হাজার ৩৩ টাকার তথ্য অসৎ উদ্দেশ্যে গোপন রাখাসহ ৫৯ কোটি ৭০ লাখ ৩৪ হাজার ২৯০ কোটি টাকার জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখে দুদক আইন ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন লুৎফুর রহমান বাদল। জব্দ করা স্থাবর সম্পত্তি জেলা প্রশাসকের (ডিসি) তত্ত্বাবধানে এবং অস্থাবর সম্পত্তি ব্যাংক হেফাজতে রাখা হবে বলেও দুদক জানায়।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













