এক জায়গায় কাটা হবে লভ্যাংশের কর

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০২-০৭ ১৫:০১:১৬


বিভিন্ন জায়গায় লভ্যাংশের কর কাটার ব্যবস্থার পরিবর্তন করে এক জায়গায় কাটার ব্যবস্থা করা হবে। সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

বৃহস্পতিবার দুপুরে বেসরকারি উদ্যোক্তাদের সাথে আলোচনা শেষে এ কথা জানান তিনি। এর আগে আলোচনা সভায় বিষয়টি তুলে ধরেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন। পরে সাংবাদিক সম্মেলনে তিনি বিষয়টির বিষয়ে বলেন।

আ হ ম মোস্তফা কামাল বলেন, পুঁজিবাজারের ক্ষতিহয় এমন কোন সিদ্ধান্ত সরকার নেবে না। পুঁজিবাজারের উন্নয়নে সব সময় সহযোগিতা করা হবে।

সভায় পুঁজিবাজারের উন্নয়নে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) পক্ষে কিছু দাবি উত্থাপন করা হয়।

যেগুলো বিবেচনা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ. রহমান।

তিনি বলেন, এ বিষয়ে পরবর্তীতে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবেন।

অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল ও সালমান এফ. রহমানের সঙ্গে দেশের সার্বিক অর্থনীতি নিয়ে আলোচনার জন্য আজকের সভার আয়োজন করা হয়।

সভায় ডিবিএ সভাপতি শাকিল রিজভী শেয়ারবাজারের উন্নয়নে তালিকাভুক্ত কোম্পানির কর হার কমানোর প্রস্তাব করেন। এছাড়া লেনদেনের উপর কর হার ০.০৫ টাকা থেকে কমিয়ে ০.০১২৫ শতাংশ করা, বিভিন্ন বহুজাতিক ও সরকারি কোম্পানিকে তালিকাভুক্ত হতে বাধ্য করা, সরকারি বড় প্রজেক্ট বাস্তবায়নে শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহ করার প্রস্তাব করেন। এছাড়া কৌশলগত বিনিয়োগকারী হিসাবে চীনের সংযুক্তির মাধ্যমে বন্ড ও ট্রেজারি মার্কেট তৈরী হওয়ার সুযোগ হওয়ায়, এই মার্কেট চালু করার প্রস্তাব করেছেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ফজলে কবির, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ড. আবুল হাশেম, পরিচালক রকিবুর রহমান ও মিনহাজ মান্নান ইমন, এসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি শাকিল রিজভী, বাংলাদেশ লিজিং অ্যান্ড ফিন্যান্স কোম্পানীজ এসোসিয়েশনের সভাপতি মো: খলিলুর রহমানসহ অন্যান্যরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

সান বিডি/এসকেএস