শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কাজ স্থগিত
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-১৬ ২১:৩০:৩৯
স্কুল-কলেজে পুরোদমে পাঠদান শুরু হওয়ায় অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়েছে। তবে কোন শিক্ষার্থী যদি সুনির্দিষ্ট কারণে বিদ্যালয়ে সশরীরে অনুপস্থিত থাকলে তাকে শিক্ষাপ্রতিষ্ঠানের নিজ ব্যবস্থাপনায় এ কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে।
বুধবার (১৬ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, মাউশির আওতাধীন দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে কোভিড-১৯ অতিমারির কারণে চলমান অ্যাসাইনমেন্ট কার্যক্রম পুনরায় নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। তবে কোনো শিক্ষার্থী অনুপস্থিতির কারণে শিখন ঘাটতি পূরণের লক্ষ্যে প্রতিষ্ঠান এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
এদিকে দীর্ঘ দুই বছর পর মঙ্গলবার আবারও আগের রূপে ফিরেছে শিক্ষাঙ্গন। শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখরিত স্কুল-কলেজের ক্যাম্পাস। তবে পুরোদমে ক্লাস শুরু হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি চরমভাবে উপেক্ষিত হয়েছে। অনেক প্রতিষ্ঠানে গাদাগাদি করে ক্লাসে শিক্ষার্থীদের বসানো হয়েছে। অধিকাংশ প্রতিষ্ঠানেই হাত ধোয়া ও মাস্ক পরার প্রতি উদাসীনতা দেখা গেছে।
করোনা পরিস্থিতির কারণে গত দুই বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। এ সময় শিক্ষার্থীদের শিখন জ্ঞান অর্জনে প্রতি সপ্তাহে অ্যাসাইনমেন্ট দেওয়া শুরু হয়। সপ্তাহ শেষে তা তৈরি করে শিক্ষকদের কাছে পৌঁছে দেওয়া হয়। শিক্ষার্থীদের পড়ালেখায় ব্যস্ত রাখতে ও সিলেবাস এগিয়ে নিতে এ কার্যক্রম শুরু করে সরকার।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













