আরও ১০০ টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের সিদ্ধান্ত
সান বিডি ডেস্ক আপডেট: ২০২২-০৫-১৬ ১১:৩৩:২৫
সরকার দেশে আরও ১০০টি কারিগরি স্কুল ও কলেজ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। দেশ-বিদেশে শ্রমবাজারে চাকরির সুযোগ বাড়াতে যুব সমাজকে দক্ষ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে দেশের ১০০টি উপজেলায় বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ সুবিধা সম্প্রসারণে অবকাঠামোও স্থাপন করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এ উদ্যোগ নিয়েছে
এর জন্য ‘১০০টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন’ শীর্ষক প্রকল্প নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এ তথ্য।
সূত্র জানিয়েছে, প্রকল্পটি একাধিকবার সংশোধনের প্রস্তাব করা হয়েছে। এসব সংশোধনীতে ব্যয়ও বেড়েছে।
২০১৪ সালে ৯২৪ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে নেওয়া প্রকল্পটি বাস্তবায়নে সর্বশেষ ২০২৪ সালের ৩১ ডিসেম্বর মেয়াদ ধার্য করে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৫২০ কোটি ৩৯ লাখ টাকা।
এর মধ্যে ২০১৮ এবং ২০২১ সালে প্রকল্পটি বাস্তবায়নের সময় নির্ধারণ ও ব্যয় বাড়ানোর প্রস্তাব করে শিক্ষা মন্ত্রণালয়।
সর্বশেষ ১০ মে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সংশোধিত প্রস্তাবটি অনুমোদন করে।
পরিকল্পনা কমিশন জানিয়েছে, প্রকল্পটি চলতি ২০২১-২২ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) চলমান প্রকল্প তালিকায় ৪৮৮ কোটি ৪২ লাখ টাকা বরাদ্দসহ অন্তর্ভুক্ত রয়েছে।
এ প্রসঙ্গে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. এম শামসুল আলম জানিয়েছেন, ‘প্রকল্পটি বাস্তবায়ন হলে দেশের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা গ্রহণের পরিবেশ উন্নত হবে। অধিক সংখ্যক ছাত্র-ছাত্রী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবে। প্রশিক্ষিত মানবসম্পদ বিদেশে রফতানির মাধ্যমে এতে অধিক বৈদেশিক মুদ্রাও আসবে।
সানবিডি/ এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













