শেখ হাসিনা কালকেই আসুক, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০৯-১৮ ১৫:৫৪:৩৮


সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩১ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন—এমন বক্তব্যের প্রসঙ্গ টেনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ‘৩১ ডিসেম্বর কেন, কালকেই আসেন। আমরা আপনাকে আইনের মাধ্যমে রিসিভ করব। সঙ্গে দুইটি হাতকড়া থাকবে।’

শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রাজধানীর শাহবাগে বসবাসকারী অসহায় বৃদ্ধা গোলাপী বেগমের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে বিমানমন্ত্রী বলেন, ‘মাঝে মাঝে শুনি, উঁকি দিয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে নাকি এখানে আসবেন। এ কথাগুলো বলে বিশৃঙ্খলা করার জন্য; যারা ফ্যাসিস্ট আমলের, যারা লুকিয়ে আছে, তারা যাতে পুলকিত হয়।’

শেখ হাসিনার বিরুদ্ধে বিচার প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনাকে হাতকড়া দিয়ে রিসিভ করে আপনি যে মানবতাবিরোধী অমানবিক আচরণ করেছেন বাংলাদেশের মানুষের ওপর, তার বিচার বাংলাদেশের মাটিতেই হবে। এই বিচার করার জন্য আমরা অপেক্ষায় আছি।’

শেখ হাসিনাসহ বিদেশে অবস্থানরত তাঁর সহযোগীদের দেশে ফিরিয়ে দেওয়ার জন্য ‘পার্শ্ববর্তী দেশকে’ অনুরোধ করা হয়েছে বলেও জানান এম রশিদুজ্জামান মিল্লাত।

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের যে অধিকার ক্ষুণ্ন করা হয়েছিল—তার বিচার করার জন্য, আমরা সুষ্ঠু বিচারের মাধ্যমে জনগণের অধিকার, জনগণের টাকা লুট—এগুলোর সমাধান করতে চাই।’

এর আগে বক্তব্যে বিগত সরকারের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ তুলে বিমানমন্ত্রী বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার নিজেদের পেট ভরার জন্য লুটপাট করে এ দেশের সবকিছু নিয়ে গেছে। কিন্তু এখন লুটপাটের টাকা খেতে পারছে না। এখন বাংলাদেশে আসবে, ফাঁসি হবে।

অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের সংসদ সদস্য এডভোকেট মো. আব্দুল মান্নান ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এনজে