শিবগঞ্জে ভটভটি উল্টে বাবা-ছেলেসহ নিহত ৩, আহত ৮
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-১০-০১ ০৯:০৬:৫৯
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চককীর্তি ইউনিয়নের পুস্কুনি এলাকায় গরুবোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন।
বুধবার রাত আনুমানিক ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতরা হলেন— আয়েস উদ্দিন, তার ছেলে শরিফুল ইসলাম এবং আব্দুল হাকিম। তারা শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুলিশমাইল এলাকার বাসিন্দা।
এছাড়া আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে।
নিহতদের স্বজন শফিকুল ইসলাম জানান, তিনি, তার শ্বশুর এবং আরও ১০ থেকে ১২ জন গরু কেনার জন্য চাঁপাইনবাবগঞ্জের সোনাইচণ্ডী হাটে গিয়েছিলেন। গরু কেনা শেষে ফেরার পথে শিবগঞ্জ উপজেলার পুস্কুনি এলাকায় পৌঁছালে গরুবোঝাই ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আয়েস উদ্দিন মারা যান। গুরুতর আহতদের হাসপাতালে নেওয়ার পথে নিহতের ছেলে শরিফুল ইসলাম মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হাকিমের মৃত্যু হয়।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আবুল হায়াত দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, বাবা-ছেলের মৃত্যুর বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














